ওসমান হাদির ব্রেন ছাড়া শরীরের সব অঙ্গ সক্রিয় রয়েছে
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটি আপডেট দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে।
‘ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’
একই পেস্টে হাদির জন্য দোয়া চেয়ে বলা হয়েছে, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’

নিজস্ব প্রতিবেদক