জাতীয় কবির পাশে হাদির দাফনের কার্যক্রম চলছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ রাজধানীর শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। এ জন্য প্রস্তুত হচ্ছে কবর। আজ শনিবার সকাল সাড়ে ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর খোঁড়া শুরু হয়।
অন্যদিকে, হাদির জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। এ সময় চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এদিন দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছায়।

নিজস্ব প্রতিবেদক