মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নান জামিন পেয়েছেন। আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ওসমান হাদিকে গুলির ঘটনার পর গত ১৩ ডিসেম্বর সন্দেহভাজন আব্দুল হান্নানকে আটক করে র্যাব-২। পরে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। ১৪ ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এ ছাড়া বিআরটিএতে তার নামে রেজিস্ট্রেশন করা দুটি গাড়ির তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা গাড়ি রয়েছে।
তবে হত্যায় ব্যবহার করা হয়েছে হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের গাড়ি। হান্নানের মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫, যা একটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার মোটরসাইকেল। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যার ভুল রয়েছে। যে নম্বরের শেষে ৬ থাকার কথা, সেখানে ৫ শনাক্ত করা হয়েছে। পরে রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর হান্নানকে কারাগারে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক