স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রুমিন ফারহানার সঙ্গে আশুগঞ্জ ও সরাইল এলাকার পাশাপাশি নিজ জন্মস্থান বিজয়নগরের মানুষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব এলাকায় তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা ও কর্মী–সমর্থক থাকার কথা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচিত। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে প্রকাশ্যে তিনি ঘোষণা দেন যে, আসন্ন নির্বাচনে সরাইল–আশুগঞ্জ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজও তিনি মোবাইল ফোনে একই অবস্থানের কথা নিশ্চিত করেন।
রুমিন ফারহানা বলেন, “আমি যদি নির্বাচনে অংশ নেই, জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
এদিকে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল-হাবীবকে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদী। বহু প্রার্থী ও ভিন্ন রাজনৈতিক সমীকরণের কারণে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি এবারের নির্বাচনে অন্যতম আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে পরিণত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)