রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং এর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি বা শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে সরকার। আজ বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গত ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুল্ক হ্রাসের এই সুবিধা আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
শুল্ক কমানোর পাশাপাশি অগ্রিম আয়করের ক্ষেত্রেও বিশেষ ছাড় দিয়েছে এনবিআর। বিগত বাজেটে বিধিমালা সংশোধনের মাধ্যমে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
অর্থাৎ, গত বছর খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করছে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই বড় ছাড়ের ফলে বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং রমজানে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে খেজুর কিনতে পারবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)