মিয়ানমারে পাচারের সময় বিপুল সার-ওষুধসহ আটক ২
কক্সবাজারের নাজিরাটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল রাসায়নিক সার, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল নাজিরাটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হয়। বোটটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮৮ বস্তা ইউরিয়া সার, বিপুল জরুরি ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জব্দ করা হয়।
জব্দ হওয়া এসব পণ্যের বাজারমূল্য প্রায় আট লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ ফিশিং বোটটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সীমান্ত দিয়ে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)