চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪
চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে বৃহস্পতিবার দিনগত রাত যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ ঘটে। ছবি : এনটিভি
চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে চারজনে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, দুই লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে নদীতে ঘন কুয়াশা ছিল। ওই সময় ভোলা থেকে ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি হরিণাঘাট এলাকায় পৌঁছলে ঢাকা থেকে আসা বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে।

শরীফুল ইসলাম, চাঁদপুর