করতোয়ায় ভেসে উঠছে মরা মাছ
বগুড়ার শেরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে হঠাৎ করেই ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মরা ও অর্ধমৃত মাছ। আজ রোববার (২৮ ডিসেম্বর) ভোর থেকে নদীর কালিতলা ঘাট থেকে করতোয়া ব্রিজ পর্যন্ত অংশে ছোট-বড় নানা প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়লে নদীপাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং অনেককেই জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়।
স্থানীয়দের মতে, তীব্র শীত, ঘন কুয়াশা এবং নদীর পানি কমে যাওয়ার পাশাপাশি শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য ও আবর্জনা ফেলায় নদীতে অক্সিজেনের তীব্র সংকট তৈরি হয়েছে।
মাছ সংগ্রহ করতে আসা প্রিয়শ্রী তিথি ও আলী হাসান জানান, নদীর পানি কালচে হয়ে গেছে এবং সেখান থেকে দুর্গন্ধ আসছে। আগে কখনও এভাবে মাছ ভেসে উঠতে দেখেননি তারা।
নদীতীরবর্তী মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে পরিকল্পিত পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলার কারণে করতোয়ার পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে শুধু মাছ নয়, পুরো জলজ জীববৈচিত্র্য এখন হুমকির মুখে।
শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, তীব্র শীতে পানির তাপমাত্রা কমে যাওয়া এবং প্রবাহ হ্রাস পাওয়ার পাশাপাশি বর্জ্য ও আবর্জনা মিশে পানি দূষিত হয়ে গেছে। এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় মাছ মারা যাচ্ছে বা অচেতন হয়ে ভেসে উঠছে।

জাহিদ হাসান, বগুড়া