দুটি বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেপ্তার ৪
রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা চারটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮), একই এলাকার মো. সিয়াম শেখ (২১), রাজবাড়ী শহরের উত্তর ভবানীপুরের মোহাম্মদ জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার ফিরোজ শেখ (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শহরের ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা থেকে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার মো. ইমরান সরদারের পকেট থেকে একটি ও মো. সিয়াম শেখের পকেট থেকে একটি ৭.৬৭ অ্যামেরিকার তৈরি পিস্তল উদ্ধার করা হয়। সেই সঙ্গে চার রাউন্ড গুলি, চারটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধী।

মো. কবির হোসেন, রাজবাড়ী