নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ফতুল্লার নাগবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁদপুরের বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি ফতুল্লার তাঁতিপাড়া এলাকায় ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ছিনতাই করা টাকা ভাগাভাগি নিয়ে সহযোগীদের সাথে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)