রাজবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর খালেদা জিয়া শক্ত হাতে দলের হাল ধরেছিলেন। ১৯৮২ সালের পর থেকে এরশাদ পতনের আন্দোলনে তিনি ছিলেন একজন আপসহীন নেত্রী। সে সময় অনেক নেতা গোপনে এরশাদের সাথে আঁতাত করলেও খালেদা জিয়া আদর্শের প্রশ্নে কোনো আপস করেননি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে খালেদা জিয়া অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রেখেছেন। যার ফলে ১৯৯১ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু পরবর্তী সময়ে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘ ১৭ বছর কারান্তরীণ ও নির্যাতন করেছেন। আপনারা সবাই এই মহীয়সী নেত্রীর জন্য দোয়া করবেন।
আগামীর রাজনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তারেক রহমানের নেতৃত্বেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী বেনজীর আহমেদের সভাপতিত্বে এবং মোবায়দুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা নঈম আনসারী ও মঞ্জুরুল আলম দুলালসহ স্থানীয় নেতারা। আলোচনা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মো. কবির হোসেন, রাজবাড়ী