ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশত্যাগের নিষেধাজ্ঞার দেওয়া অপর আসামিরা হলেন- সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মামলার আবেদনে বলা হয়েছে, ওবায়দুল কাদেরসহ ১৪ জন আসামি পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। তাঁরা সরকারি বিধি লঙ্ঘন করে নিজেদের এবং অন্যদের লাভবান করার অসৎ উদ্দেশ্যে একটি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন করেন। সরকারি জমিতে ব্যক্তি স্বার্থে এই ফ্ল্যাট নির্মাণের পাশাপাশি নীতিবহির্ভূতভাবে এর বরাদ্দ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া সেই নীতিমালা গেজেট আকারে প্রকাশ না করেই ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে জানা গেছে যে, আসামিরা সপরিবারে দেশ ছাড়ার চেষ্টা করছেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)