জমি-বাড়ি-গাড়ি-চাকরি নেই মিতুর, সম্পদে স্বামীর চেয়ে এগিয়ে
পেশায় চিকিৎসহ মাহমুদা আলম মিতুর জমি, বাড়ি, গাড়ি নেই। এমনকি চাকরিও নেই। তবে ২০ ভরি স্বর্ণ নিয়ে স্বামীর চেয়ে সম্পদে এগিয়ে ঝালকাঠি-১ আসনের এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা যায়।
হলফনামা অনুযায়ী, পেশায় চিকিৎসক মাহমুদা আলম মিতুর নেই কোনো কৃষি জমি, বাড়ি-গাড়ি কিংবা চাকরি। তবে চিকিৎসা পেশা থেকে তিনি বার্ষিক তিন লাখ টাকা আয় করেন।
ডা. মাহমুদা মিতুর হাতে নগদ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা। তার কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৭৪ লাখ ৩১ হাজার টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, মাহমুদা মিতুর স্বামীর হাতে নগদ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। এছাড়া ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্রসহ তার মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা।তার স্বামীও একজন চিকিৎসক বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
ডা. মাহমুদা মিতু ও তার স্বামীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

ফখরুল ইসলাম (শাহীন)