নীলফামারীতে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ
নীলফামারীতে শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৬ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার ডোমার উপজেলার বোগদাবুড়ি ইউনিয়নের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম ২৫০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি সব সময় দুর্যোগ মোকাবিলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আসছে। সম্প্রতি শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষজন প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি সদা সর্বদা সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি জানান, আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পাশাপাশি ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যেও ধারাবাহিকভাবে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, পিবিজিএমএসের জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা। তারা শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানায়।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী