সমর্থকসহ সাবেক জামায়াতনেতার বিএনপিতে যোগদান
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ সময় তাঁর বেশ কয়েকজন সমর্থকও দলটিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে আব্দুল লতিফ বিএনপিতে যোগ দেন।
জানা গেছে, আওয়ামী লীগ শাসনামলে দলীয় নির্দেশ উপেক্ষা করে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন আব্দুল লতিফ। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েক বছর আগে তাঁকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে বেশকিছু দিন আগে থেকে এই দল থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।
যোগদান অনুষ্ঠানে আব্দুল লতিফ মাস্টার ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আব্দুল লতিফ মাস্টার বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি বিএনপিতে যোগ দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কাজ করব।’
বিএনপিনেতা রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বিএনপির আদর্শের প্রতি অনুগত হয়ে আব্দুল লতিফ মাস্টার দলে যোগদান করেছেন। এতে স্থানীয়ভাবে দল আরও শক্তিশালী হয়ে উঠল।’

হায়দার আলী বাবু, লালমনিরহাট