জয়পুরহাটে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা
জয়পুরহাটের পাঁচবিবিতে এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে শালাইপুর বাজার-ঢাকারপাড়া সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবদলকর্মী হলেন ইয়ানুল হোসেন (২৯)। তিনি পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের আলম হোসেনের ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিনও আহত হয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঁচবিবির সালাইপুর বাজার-ঢাকারপাড়া সড়কের মোড়ে ইয়ানুল ও তার ভাইয়ের ওপর প্রতিপক্ষরা অতর্কিতে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইয়ানুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই মোমিন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে হামলার এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ সবকিছু আমলে নিয়ে ঘটনার কারণ উদঘাটনে মাঠে নেমেছে।
জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী রাব্বি বলেন,জেলায় বর্তমানে যুবদলের কোন কমিটি নেই। তবে নিহত ইয়ানুল যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে দলের সাথে আছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান (ওসি) বলেন, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। ঘটনার মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। তার মরদেহ জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট