যে কোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে : তারেক রহমান
যে কোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যাতে মতবিভেদে পরিণত না হয়, বিভেদের কারণ না হয়। সবাই মিলে কাজ করতে হবে। যে কোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে।
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। এসব মতপার্থক্য নিযে যেন আলোচনা হয়, সে বিষযে রাজনৈতিক দলসহ সবাইকে আহ্বান জানাব। আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।
তারেক রহমান বলেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আগামী ২২ তারিখ থেকে আমরা নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে জনগণের কাছে যাব।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের উদ্দেশে তারেক রহমান বলেন, এমন সমালোচনা করুন, যাতে আমরা দেশের জনগণের সমস্যা সমাধান করতে পারি।

নিজস্ব প্রতিবেদক