‘জানাজা প্রমাণ করে খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা’
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশপ্রেমের পরীক্ষায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান শতভাগে একশ নম্বর পেয়েছেন। দেশনেত্রীর জানাজায় ১ কোটি ৪০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণই প্রমাণ করে এই দেশের মানুষের হৃদয়ে তার স্থান কোথায়।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া নাসারী মাঠ এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই বিএনপি নেতা এসব কথা বলেন।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই সভায় খায়রুল কবির খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় ৪০ লাখ মানুষ হয়েছিল, তারেক রহমানের গণসংবর্ধনায় ৫০ লাখ মানুষ হয়েছে। আর পৃথিবীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে খালেদা জিয়ার। যেখানে ১ কোটি ৪০ লক্ষাধিক মানুষ শামিল হয়েছিল। এই যে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা, তা টাকা দিয়ে কেনা সম্ভব নয়।
ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছে তাদের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত ও ধোঁকা দেওয়া হচ্ছে। যারা শিরক করে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ‘সবাইকে দেখেছেন এখন আমাদের দেখুন’ বলে প্রচার করছে, তাদের অতীত স্মরণ করিয়ে দিয়ে খোকন বলেন, একাত্তরে এই রাজাকার ও বেইমানদের কারণেই ৩১ লাখ মানুষ শহীদ হয়েছে এবং ২ লাখ মা-বোন ইজ্জত হারিয়েছে। তাই এই বেইমান ও মুনাফিকদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।
চিনিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন মুন্সির সভাপতিত্বে এবং খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা। এছাড়া জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লাসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী