বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে, যাতে সবাই এর সুফল ভোগ করে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০নম্বর ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচার ও মেগা প্রজেক্টের রাজনীতি করবে না। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপস করেন নাই। তিনি বলেন, অন্য দলের সঙ্গে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সঙ্গে সংঘর্ষ-সংঘাত চায় না। শান্তির রাজনীতি চায়। নতুন বাংলাদেশ গড়তে চায়।
চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে আমীর খসরু বলেন, এসব চাঁদাবাজ মাস্তানদের কোনো স্থান নেই দলে। তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএপির জনপ্রিয়তা বা নির্বাচনে জয়লাভে কোন প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচিত সরকার ও সংসদ চেয়েছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান এবং সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)