নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
বাংলাদেশ জামায়াতের ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় তারা ইসিতে উপস্থিত থাকবেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলের মধ্যে আছেন—জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ব্যারিস্টার নাজিব মোমেন।
এদিকে জোটের ইস্যুতে আজ রাত আটটায় আনুষ্ঠানিক ঘোষণা হবে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলই থাকবে। ১১ দলীয় জোটটির নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’।
আজ রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, আজ ১১ দলের বৈঠক ছিল। আজকের এই বৈঠকটা তাড়াহুড়োর মধ্যে আয়োজন করা হয়েছে। তাই সবাই সময়মতো বৈঠকে উপস্থিত হতে পারেনি। তবে বৈঠকের মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে। আশা করছি আমরা এক সঙ্গে রাত ৮টায় প্রেস কনফারেন্স করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে।
মামুনুল হক আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আমাদের প্রত্যাশা এক সঙ্গে যেভাবে শুরু করছিলাম, এক সঙ্গেই সামনে অগ্রসর হতে পারব।
১১ দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, অফিসিয়ালি এখনও বিষয়গুলো চূড়ান্ত হয়নি। রাতে প্রেস কনফারেন্সে আছে সেখানেই ঘোষণা করব। ইসলামী আন্দোলনকে নিয়েই করব।জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমাদের মধ্যে কিছুটা মতভিন্নতা হচ্ছে। তবে এটা ঝামেলা না। বাকি কথা রাতে বলব।

নিজস্ব প্রতিবেদক