এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৭
নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের শিংলাবো সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
আটক ব্যাক্তিরা হলেন—মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী যানবাহনে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে। বিশেষ করে বিদেশফেরত যাত্রীবহনকারী গাড়িগুলোকে টার্গেট করে। শুক্রবার শিংলাবো সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহলের সময় জঙ্গলের টর্চলাইট ধরলে আটক ব্যাক্তিদের দেখা যায়। পুলিশ ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী তাদের ধরে গণধোলায় দেয়। একপর্যায়ে পুলিশের গাড়িতে ডাকাতদের তোলার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানায়, দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় সাত ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের নামে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)