রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পরপরই অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠি-সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া