বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে ফেনী-১ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি ও সিনিয়র সিভিল জজ এহসানুল হক স্ব-উদ্যোগে এই নোটিশ জারি করেন।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
নোটিশে উল্লেখ করা হয়, রফিকুল আলম মজনুর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে এবং অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের সংশ্লিষ্ট পেজ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পোস্টার, ব্যানার ও গণসংযোগমূলক ভিডিও প্রচার করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা অনুযায়ী, ২২ জানুয়ারির আগে কোনো প্রার্থীর নির্বাচনি প্রচারণা চালানোর আইনি সুযোগ নেই। এই সময়ের আগে প্রচারণা চালানো ৩ ও ১৮ বিধির সরাসরি লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রফিকুল আলম মজনুকে আগামী ২১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনকে একই দিনে (২১ জানুয়ারি) বিকেল ৩টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশের অনুলিপি ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট তিন উপজেলার (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী