নারী ভোটই জয়-পরাজয় নির্ধারণ করবে : আব্দুস সালাম
ঢাকা-১৭ আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, এই নির্বাচনে নারী ভোটই অর্ধেক শক্তি। এই ভোটই নির্ধারণ করবে কে জিতবে আর কে হারবে। তাই মা-বোনদের ভোট আমাদের খুবই প্রয়োজন।
আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনি কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
দলের নারী নেতাকর্মীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, দেশের স্বার্থে এবং নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদেরকে পরিবার, অফিস ও কর্মক্ষেত্র থেকে সময় বের করে বিএনপির পক্ষে মাঠে নামতে হবে। এটি শুধু দলের জন্য নয়, আপনার নিজের অধিকার, নিজের ভবিষ্যতের জন্য।
আব্দুস সালাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় না গেলে দেশ আবারও আরও কঠিন সময়ের মুখোমুখি হবে। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাবে এটা সবাই জানে। কিন্তু একটি মহল চায় যেন বিএনপি সর্বোচ্চ আসন না পায়, যাতে সরকার দুর্বল হয় এবং পরে অস্থিতিশীলতা সৃষ্টি করে তা পতনের চেষ্টা করা যায়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জোর দিয়ে বলেন, ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান কোনোরকমে জিতে গেলেই হবে না। তাকে রেকর্ড সংখ্যক ভোটে জিততে হবে। এই আসনে সর্বোচ্চ ভোট নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।
অতীতের নির্যাতন ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে আব্দুস সালাম বলেন, অনেকে শুধু শহীদ জিয়াউর রহমানের পক্ষে লেখা বা মতপ্রকাশের কারণে চাকরি হারিয়েছেন, ব্যবসা নষ্ট হয়েছে। আপনারাই এসবের ভুক্তভোগী। এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ই সেই বঞ্চনার জবাব।
১২৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, প্রতিদিন ১০-২০ জন ভোটারের সঙ্গে কথা বললেই বিভ্রান্তি দূর করা সম্ভব।
আব্দুস সালাম দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আজ সময় দিয়েছেন, আশা করি আগামী কয়েকদিনও দেবেন দেশের জন্য, নিজেদের জন্য।
এ সময় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক