তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সদ্য নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি।
রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন।
ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন।

নিজস্ব প্রতিবেদক