ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
নতুন বছরের শুরুতেই তীব্র শীতের কবলে পড়া রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়েছে। তবে হাড়কাঁপানো ঠান্ডা কিছুটা কমলেও ভোরের কুয়াশা আর হিমেল বাতাসের আমেজ এখনো কাটেনি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে ও আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫টা থেকে পরবর্তী ৩-৫ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

নিজস্ব প্রতিবেদক