ইসিতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সামনে দুই দলের নেতারা অভিযোগ তুলে ধরেন।
এ সময় বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আচরণবিধি মেনেই এখানে এসেছি। দুঃখজনক হলো একটি বিশেষ দল আচরণবিধি মানেনি। আমরা পাঁচজন এসেছি, তারা (জামায়াতের প্রতিনিধি) দশজনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।
শফিকুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে নারীকর্মীরা এনআইডি আর বিকাশ নম্বর চাইছিল। এগুলো ব্যক্তিগত তথ্য। বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়। নারীকর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন। পরে তাদের নেতারা ২০, ২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।
অভিযোগ জানিয়ে মিল্টন আরও বলেন, পীরেরবাগ, শেওড়াপাড়ায় একই ঘটনা ঘটে। স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুজন কর্মীকে মারধর করে। সেখানে পরে হৈ হল্লা সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ সবাই যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে।
শফিকুল ইসলাম খান মিল্টনের পর অভিযোগ জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুবায়ের বলেন, পুরোপুরি অসত্য তথ্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করছে। এজেন্যে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।
জামায়াত নেতা বলেন, আশা করছি আগামী নির্বাচনে প্রার্থীরা সবাই অংশ নেবেন, গণভোট হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী হবে। সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাব। যদিও আমাদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। গতকালও করেছে। আশা করবো এমন ঘটনা যেন আর না ঘটে। সন্ত্রাসমুক্ত নির্বাচন আশা করি। যেহেতু গত তিনটি নির্বাচন হয়নি। তাই ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক