সেনা অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার, আটক ৪
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটগুলো সুনামগঞ্জ সদর, জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের ইউনিট অধিনায়ক লে. কর্নেল মো. সালেহ আল হেলাল।
অভিযানকালে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৪টি ২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও কার্তুজ। এছাড়া উদ্ধার করা হয়েছে সাউন্ড বোমাসহ বেশ কিছু দেশীয় প্রাণঘাতী অস্ত্র। অভিযানের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। এ সময় ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ