এক মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একইমঞ্চে নির্বাচনি ইশতেহার পাঠ করেছেন। সঙ্গে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকারও করা হয়।
আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় বিভিন্ন দলের প্রার্থী ও তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন।
তবে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নির্বাচনি ইশতেহার পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আসনটির জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. মুহিবুল্লাহ, বাসদ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ও জনতার দলের প্রার্থী সোহেল রানা তাদের ইশতেহার ঘোষণা করেন। একই সঙ্গে আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকারও করেন।
সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ