বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণ শুরু
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা এই নির্মাণকাজ উদ্বোধন করেন।
নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ নির্বিঘ্ন করতে সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তর ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করেছিল। তবে মূল নকশা ও কাঠামো অনুসরণ করে এটি পুনরায় নির্মাণ করা হচ্ছে। নতুন ম্যুরালটি আগের চেয়ে আকারে বড় করা হবে, যাতে দূর থেকে আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, মহাসড়ক উন্নয়নের স্বার্থে ম্যুরালটি সাময়িকভাবে সরিয়ে নিতে হয়েছে, কারণ এটি সড়কের মাঝখানে পড়েছিল। আজ থেকে এর পুনর্নির্মাণ কাজ শুরু হলো। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চের আগেই কাজ শেষ হবে।
ইউএনও মো. মাসুদ রানা আরও জানান, নবনির্মিত ম্যুরালটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সহধর্মিণী মিলি রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।
গত ২০ জানুয়ারি মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে রায়পুরা উপজেলায় অবস্থিত এই ম্যুরালটি অপসারণ করা হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি কোনো অবহেলা নয় বরং উন্নয়ন কাজের প্রয়োজনে করা হয়েছে এবং দ্রুততম সময়ে তা পুনরায় স্থাপন করা হবে।

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)