নতুন তিস্তা সেতুর মহাপরিকল্পনা জানালেন রেলওয়ের ডিজি
লালমনিরহাট রেলওয়ে বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (২৩ জানয়ারি) রাত ৮টায় লালমনিরহাট রেলযান নিয়ন্ত্রণ দপ্তরে এ মহাপরিকল্পনার কথা জানান রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন।
এর আগে রেলওয়ের ডিজি লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভিন্ন দপ্তর ও ঐতিহাসিক তিস্তা রেলসেতু পরিদর্শন করেন।
ডিজি বলেন, লালমনিরহাট বিভাগে বর্তমানে মিটার গেজ রেললাইনের আধিক্য বেশি। রেল সেবাকে আরও গতিশীল ও আধুনিক করতে পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপন করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
তিস্তা রেলসেতু নিয়ে মহাপরিচালক বলেন, সেতুটির আয়ুষ্কাল ২৫ বছর আগেই পার হলেও অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি এখনও সচল রাখা হয়েছে এবং ট্রেন চলাচল অব্যাহত আছে। তবে ব্রডগেজ লাইন স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে, বর্তমান সেতুর স্থলে একটি আধুনিক নতুন রেলসেতু নির্মাণেরও পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।
তিস্তা রেলসেতুর বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডিজি আফজাল হোসেন বলেন, রেলওয়ে জনগণের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা কেবল রেল কর্তৃপক্ষের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষকে রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় এগিয়ে আস হবে।
এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)