শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তিন দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. জোবায়ের হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভি আহমেদ সবুজ, শহীদ ওসমান হাদির বড় বোন প্রভাষক মাসুমা আক্তার এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড় ও সংগঠকদের অভিনন্দন জানিয়ে বলেন, সুস্বাস্থ্য ও মানসিক আনন্দের পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও নেতৃত্ব শিখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। তিনি শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তরুণ প্রজন্মকে তার ন্যায়নিষ্ঠা ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
টুর্নামেন্ট আয়োজক কমিটি জানিয়েছে, এবারের আসরে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে নলছিটি রেনেসাঁ আইটি একাদশ, নলছিটি প্রেসক্লাব, কাঁঠালিয়া উপজেলা একাদশ, বরিশাল ভাইকিংসসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তের জনপ্রিয় দলগুলো রয়েছে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে এভারগ্রিন একাদশ বনাম নরোত্তমপুর একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচে নরোত্তমপুর একাদশকে ৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে এভারগ্রিন একাদশ। তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)