নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপির মোকফার উদ্দিন
ভোলা-২ আসনে ১০ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এলডিপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোকফার উদ্দিন চৌধুরী।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোকফার উদ্দিন।
সংবাদ সম্মেলনে ভোলা জেলা এলডিপির সভাপতি বশির আহমেদ লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এলডিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয় এলডিপি।
জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ বলেন, ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখার লক্ষ্যে এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোলা জেলা এলডিপির সভাপতি বশির আহমেদ বলেন, কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে থেকে জামায়াতে ইসলামীকে তাদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার জন্য বারবার অনুরোধ করা হয়। তবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
সংবাদ সম্মেলনে এলডিপির জেলা শাখার সহসভাপতি মো. সবুজ ও সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

আফজাল হোসেন, ভোলা