ঢাকার শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
নতুন বছরের শুরুতেই তীব্র শীত দেখা দিয়েছিল রাজধানী ঢাকায়। তবে গত কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। ভোর বেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে ও আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টায় দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এ সময় এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

নিজস্ব প্রতিবেদক