পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষারত বাবার মৃত্যু
মেয়ের স্বপ্ন পূরণ করতে তাকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন বাবা। মেয়েকে হলের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন তিনি। মেয়ে যখন ভেতরে নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই না ফেরার দেশে পাড়ি জমালেন তার প্রিয় বাবা।
এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর বাবার মৃত্যু হয়।
মৃত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তিনি পঞ্চগড় সদরের বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার মেয়ে অনন্যা হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে মেয়েকে নিয়ে হাবিপ্রবি ক্যাম্পাসে আসেন আশরাফ আলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর বাইরে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রচণ্ড ঘামতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ফার্স্ট এইড টিম তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
মেডিকেল সেন্টারে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স যোগে মরদেহ তার পৈতৃক নিবাস পঞ্চগড়ে পাঠানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য মরদেহের সঙ্গে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর সব ধরনের ব্যবস্থা করেছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

ফারুক হোসেন, দিনাজপুর