বিএনপি-জামায়াত সংঘর্ষে শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠান পণ্ড
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের ঝিনাইগাতী উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষে অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘর্ষে উভয়-পক্ষের ২০ জনের অধিক আহত হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহার পাঠের জন্য আমন্ত্রণ জানায়। এ সময় মিনি স্টেডিয়ামে আয়োজিত প্যান্ডেলে বসার স্থান নিয়ে বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে বচসার সৃষ্টি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হওয়ার ঘটনাও ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
এরপর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) ঝিনাইগাতী উপজেলা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, দুঃখজনক ঘটনার জন্য আজকের অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

কাকন রেজা, শেরপুর