নওগাঁ এ-টিম মাঠে বিএনপির সমাবেশ কাল, চলছে মঞ্চ তৈরি
দীর্ঘ ২০ বছর পর আগামীকাল বৃহস্পতিবার নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নওগাঁ শহরের এ-টিম মাঠে তিনি জনসভা করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। এই জনসভাকে ‘জনসমুদ্রে’ পরিণত করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
শহরের এ-টিম মাঠে অনুষ্ঠিত এ জনসমাবেশ শুরু হওয়ার কথা আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায়। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার থেকেই এ-টিম মাঠে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। আজ বুধবার দুপুরে মাঠ ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন। এই সমাবেশে জনগণের কাছে নওগাঁর ছয়টি আসন ও জয়পুরহাটের ২টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশপাশি ধানের শীষের জন্য ভোট চাইবেন তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশকে সফল করতে নওগাঁ জেলা, জেলার ১১টি উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জনসভা সফল করতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। নওগাঁ ও জয়পুরহাট জেলা ছাড়াও নওগাঁর কাছাকাছি বগুড়া ও নাটোর জেলার একাংশের মানুষ এ জনসভায় অংশ নেবে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ-টিম মাঠে মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে এসে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও নওগাঁ জেলা সফর করবেন। এই সফরে তারেক রহমান নওগাঁর ঐতিহ্যবাহী এ-টিম মাঠে নির্বাচনি জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন। তাঁর আগমণ উপলক্ষে নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তিনি এই এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। আশা করছি, সমাবেশটি সফলভাবে সম্পন্ন হবে।’
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম বলেন, ‘নওগাঁয় এর আগে অনেক সমাবেশ হয়েছে, কিন্তু এবারের সমাগম হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর তারেক রহমান নিজে নওগাঁয় এসে কথা বলবেন, এটি মানুষ ভিন্নভাবে গ্রহণ করছে। এটি কোনো একক দলের কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত আয়োজন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নওগাঁয় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। আমরা আশা করছি, এই সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হবে।’
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ সফরে আসেন। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম নওগাঁতে আসছেন তিনি। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বড় কোনো সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৮ সালে নওগাঁর পত্নীতলা ও নিয়ামতপুরে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৮ বছর পর দলের প্রধান হিসেবে নির্বাচনি সমাবেশে তাঁর সন্তান তারেক রহমান নওগাঁয় জনসমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ