পেঁপের ভেতরে পেঁপে, বিরল দৃশ্য দেখতে উৎসুক জনতার ভিড়
ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায় একটি পেঁপের ভেতর আরেকটি ছোট পেঁপে পাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিরল এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে লুৎফর রহমান বাবুর বাড়িতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান (বাবু) জানান, তিনি নিজের বাড়ির গাছ থেকে একটি পেঁপে পেড়ে আনেন। খাওয়ার জন্য পেঁপেটি কাটতেই তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন, পেঁপের ভেতরের স্বাভাবিক বীজের পাশাপাশি স্পষ্টভাবে আরেকটি ছোট পেঁপে গজিয়ে উঠেছে।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আবির বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই। পেঁপের ভেতরে হুবহু আরেকটি ছোট পেঁপে দেখে আমি সত্যিই বিস্মিত। এমন দৃশ্য আগে কখনও দেখিনি, তাই ভিডিও করে রেখেছি।’
আরেক বাসিন্দা রুনা জানান, জীবনে এই প্রথম এমন অদ্ভুত ও আশ্চর্য প্রাকৃতিক নিদর্শন দেখলেন তিনি। অনেক প্রত্যক্ষদর্শীই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, এটি বিজ্ঞানের ভাষায় ‘ভিভিপারি’ নামে পরিচিত একটি বিরল প্রাকৃতিক প্রক্রিয়া। কখনও কখনও আবহাওয়ার তারতম্য, ফলের নিজস্ব জাতগত বৈশিষ্ট্য কিংবা দীর্ঘদিন সংরক্ষণের কারণে ফলের ভেতরেই বীজ অঙ্কুরিত হতে পারে। এর ফলে ফলের ভেতরে এমন অস্বাভাবিক গঠন তৈরি হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিষয়।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)