চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে চোরাবালিতে আটকা পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সারী নদীর ‘সাহেব মারা ড্রেজার’ নামক স্থানের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মুসআব আমীন (২৮)। সে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। মুসা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শহিদুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে লালাখাল ভ্রমণে যায় মুসা। দুপুর ১টার দিকে সারী নদীর ‘সাহেব মারা ড্রেজার’ নামক স্থানের নিকটবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশির পর বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সজল ছত্রী, সিলেট