তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের সেই অন্ধ গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে মালামাল ও অর্থ লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী অন্ধ গফুর মল্লিক দীর্ঘ দিন ধরে রাজবাড়ীর বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার এই হার না মানা জীবনসংগ্রামের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তার নির্দেশে গত ৩০ অক্টোবর গফুর মল্লিককে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

মো. কবির হোসেন, রাজবাড়ী