বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ১৫তম বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬ এর প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) ঢাকাসহ মোট ১৫টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়।
সারা দেশের ১৫টি অঞ্চল থেকে প্রায় চার সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করে এবং প্রিলিমিনারি রাউন্ডের ফলাফলের ওপর ভিত্তি করে প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হবে। ফাইনাল রাউন্ডের পরীক্ষা আগামী ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডের পরীক্ষা আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডের আদলে হবে। ফাইনাল রাউন্ডের বিজয়ীদের মধ্য থেকে ৪ জনকে আগামী ১০-১৯ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
অন্যান্য কেন্দ্রের মতো ঢাকা অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলস্থ রসায়ন বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আজ সকাল ৯টায় রসায়ন বিভাগ প্রাঙ্গণে জাতীয় ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধন করেন ১৫তম কেমিস্ট্রি অলিম্পিয়াডের আহ্বায়ক এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফরিদা বেগম। ঢাকাস্থ উচ্চ মাধ্যমিক কলেজসমূহের এইচএসসি, ইংরেজি ভার্সনের এইচএসসি এবং ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের এ-লেভেল পর্যায়ের নিবন্ধিত মোট ৩৬৪ জনের মধ্যে প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী রাউন্ডে অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রিলিমিনারি রাউন্ডের উত্তরপত্র মূল্যায়ন শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অলিম্পিয়াডের সনদ আর প্রথম ১০ জন বিজয়ীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রিলিমিনারি রাউন্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ূম অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ১৫তম ক্যামিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬ এর যুগ্ম-আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক এবং রসায়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম। অনুষ্ঠানে বক্তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন পঠন-পাঠন এবং রসায়ন বিষয়ে উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। আমাদের নতুন প্রজন্মের কোমলমতি শিশু-কিশোরদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে এবং মুক্তবুদ্ধি চর্চায় ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের গুরুত্ব অপরিসীম বলে বক্তারা উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক