চট্টগ্রাম বন্দরে আন্দোলনের জেরে চার কর্মচারীকে বদলি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে চলমান আন্দোলনের জেরে চার কর্মচারীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনাল অফিসার স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাদের ঢাকার পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে (আইসিটি) তাৎক্ষণিক বদলি করা হয়।
বদলিকৃত চার কর্মচারী হলেন- অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম ও এস এস খালাসী মো. ফরিদুর রহমান।
আদেশে তাদের আগামীকাল রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি অপারেটরের সাথে চুক্তির প্রতিবাদে আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের ধর্মঘট পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে সকাল থেকেই বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম এবং পণ্য খালাস বন্ধ হয়ে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে বন্দর ভবনের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের ৩ নম্বর গেট হয়ে ৪ নম্বর গেটে গিয়ে শেষ হয়। বদলিকৃতরা এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম