চিত্রা হরিণটিকে ফেরত পাঠানো হলো বনে
মোংলার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ ফের বনে ফেরত পাঠানো হয়েছে। তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। তবে হরিণটি পশুর নদ সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারীরা ধরে এনেছে, তা নিয়ে বনবিভাগের অনুসন্ধান চলছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে হরিণটি ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
তবে স্থানীয়রা বলেন, পশুর নদ পার হয়ে হরিণটি আজ কোনো এক সময় তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।
এদিকে স্থানীয়দের এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এত বড় পশুর নদ পার হয়ে হরিণটির লোকালয়ে চলে আসাটা কোনোভাবেই সম্ভব নয়। চোরা শিকারীরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়তো দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে। প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। তার পরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
মোংলার লোকালয় থেকে এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

আবু হোসাইন সুমন, মোংলা