মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের শীর্ষ পর্যায়ের নেতারা প্রকাশ্যে মিথ্যা বলছে। কখনো বলে আইডি হ্যাক হয়েছে—এ ধরনের অজুহাত দিয়ে জনগণকে প্রতারণা করা হচ্ছে। এরা মিথ্যাবাদী, এরা প্রতারণা করে। এরা আর যাই হোক, দেশের জনগণের প্রতিনিধি হতে পারে না। এদের দ্বারা দেশের কল্যাণ কখনোই সম্ভব নয়। এ ধরনের নেতৃত্ব থেকে জনগণকে সচেতন থাকতে হবে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তারেক রহমান এসব কথা বলেন।
সমাবেশে তারেক রহমান খুলনার শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, এক সময় শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনার শিল্পকারখানাগুলো আজ ধ্বংসপ্রায়। লুটেরা সরকার পরিকল্পিতভাবে শিল্প ধ্বংস করে দিয়েছে, শ্রমিকদের কর্মসংস্থান নষ্ট করেছে। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় এলে খুলনার রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করবো, নতুন শিল্প স্থাপন করবো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।
আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির এজাজ খান, নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, আলী আজগর লবী, মনিরুল হাসান বাপ্পী, কপিল কৃষ্ণ মন্ডল, ব্যারিস্টার জাকির হোসেন, লায়ন ফরিদুর ইসলাম, সোমনাথ দে, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রউফ, কাজী আলাউদ্দিন, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সমাবেশে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক