আশুলিয়ায় দগ্ধ সেই দুই ছাত্রদল নেতার মৃত্যু
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম রনি (২৮) ও আব্দুস সোবহান রায়হান (৩০)। রনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং জাবি শাখা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, রায়হান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তারা দুজনেই আশুলিয়ার ইসলামনগর এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে রায়হান ও তার ভাই রাহাতের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে রায়হান ঘরের মধ্যে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় রায়হানকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন রনিসহ আরও কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের আইসিইউর চিকিৎসক ডা. জহির উদ্দিন জানান, রনির শরীরের ৬০ শতাংশের বেশি দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়লে আজ সকালে তাদের মৃত্যু হয়। রনির বড় ভাই মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুর রহমান