চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন জানিয়েছে গণফোরাম। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও ওই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর নিজ প্রার্থিতা থেকে সরে এসে শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থনের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, মানিক ভাই চাঁদপুরের মানুষের অভিভাবক হিসেবে কাজ করবেন। আমরা দলীয়ভাবে তাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
সমর্থন পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২০১৮ সাল থেকেই গণফোরাম বিএনপির পাশে রয়েছে। আমরা নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে গণফোরামের ভূমিকা থাকবে এবং আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এবারের নির্বাচন কোনো কারসাজির নয়; বরং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে জনগণ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ বিএনপি ও গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দুই দলের নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর