জনগণ আর পরিবারতন্ত্রের রাজনীতি চায় না : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন পরিবার ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে ইনসাফের সরকার দেখতে চায়। দলীয় সরকার দেখতে চায় না, জনগনের সরকার দেখতে চায়।
ময়মনসিংহে নির্বাচনি জনসভায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমির এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের দিন শেষ করে ইনসাফ বা ন্যায়বিচারের পক্ষ নিয়েছে। তরুণ সমাজ ও ছাত্র সমাজ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছে, তারা আর কোনো স্বৈরশাসকের দোসরদের দেখতে চায় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। হিজাব-নেকাবের বিরুদ্ধে কেউ অপচেষ্টা চালালে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
যুব সমাজের উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বেকার ভাতার মাধ্যমে তরুণদের অপমান করা হবে না, বরং তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষিখাত সম্পর্কে তিনি বলেন, বর্তমান সেকেলে কৃষি ব্যবস্থাকে শিল্পে রূপান্তর করা হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করে দেশকে বিশ্বদরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হবে।
আগামী দিনে প্রতিটি শহরকে স্মার্ট ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন জামায়াত আমির। চাঁদাবাজ ও জুলুমকারীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ব্যবসায়ীদের কাছে কোনো জালেম ভিক্ষা বা চাঁদা চাইতে পারবে না। যারা এসব কাজে লিপ্ত, তারা অভ্যেস ছেড়ে দিন। কারো পেটে ক্ষুধা থাকলে আমাদের কাছে আসুন, আমরা ভাগ দেব, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া সহ্য করা হবে না।
বক্তব্য শেষে জামায়াত আমির ময়মনসিংহে নিজ দলের পাঁচটি আসন ও শরিক দলগুলোর ছয়জন প্রার্থীর হাতে স্ব-স্ব দলীয় প্রতীক তুলে দেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় কিংবা চাঁদাবাজি শুরু করেছে, তাদের বদলে ইনসাফ কায়েমের পক্ষেই রায় দিতে হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ