কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রামু ১০ পদাতিক ডিভিশনের মুখপাত্র কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংস্কৃতিক কেন্দ্রে এই সংবাদ সম্মেলনে ১০ পদাতিক ডিভিশনের মুখপাত্র সাংবাদিকদের এই ব্রিফ করেন।
সংবাদ সম্মেলনে ফাইয়াজ মোহাম্মদ আকবর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন দায়িত্ব পালন করে যাচ্ছে। এ অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন এই অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
ফাইয়াজ মোহাম্মদ আকবর আরও বলেন, গত ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট ৬১টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং, চোরাকারবারি, বিভিন্ন মামলার আসামিসহ ৮০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে ফাইয়াজ মোহাম্মদ আকবর জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান পরিচালনা চলমান থাকবে এবং আরও বেগবান হবে।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, র্যাব, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার