ভোটের অবৈধ ৬ সিলসহ যুবক আটক
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি করা ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল সদর উপজেলার টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী মাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে পুলিশ থানায় নিয়ে যায়।
আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য দেননি।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর