এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ উঠেছে। এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছিল।
অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে সম্মানিত আমিরে জামায়াতের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুষ্কৃতিকারীরা রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সঙ্গে সঙ্গে সেটি ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এহেন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বলে বিবৃতিতে উল্লেখ করেন এহসানুল মাহবুব জুবায়ের।

নিজস্ব প্রতিবেদক